ব্যাংক কর্মকর্তার নির্দোষ দাবি পরীক্ষা করে দেখার নির্দেশ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৭
বহুল আলোচিত বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনার অনুসন্ধান প্রতিবেদনে আসামী হিসেবে অভিযুক্ত প্রিমিয়ার ব্যাংকের এক কর্মকর্তার নির্দোষ দাবি ‘পরীক্ষা করে দেখার’ নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান। সোমবার কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বিশেষ অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগের মহাপরিচালকের কাছে অভিযুক্তের আবেদনটি পুনরায় পরীক্ষার নির্দেশ দেন। দুদক সূত্র জানায়, দীর্ঘ আট মাস অনুসন্ধান শেষে কমিশনের কর্মকর্তারা বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনার অনুসন্ধান প্রতিবেদন সোমবার কমিশনে উপস্থাপন করেছে। অনুসন্ধান প্রতিবেদনে ১২টি মামলায় ৪৩ আসামী করার সুপারিশ করা হয়েছে। সেখানে প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র অফিসার তাবাসসুম তারিক হাসানের নামও রয়েছে। জানতে পেরে অভিযুক্ত ঐ ব্যাংক কর্মকর্তা কমিশনে এসে নিজেকে নির্দোষ দাবি করে চেয়ারম্যানের কাছে অভিযোগের দায় থেকে মুক্তির আবেদন করেন।