মজুরি বোর্ডের সুপারিশের পর গার্মেন্টস খাতের ন্যূনতম মজুরির বিষয়ে সুপারিশ বা সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার মজুরি বোর্ডের বৈঠককে সামনে রেখে ন্যূনতম মজুরি নির্ধারণ বিষয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ’র নেতারা। ন্যূনতম মজুরির বিষয়ে আজ সরকারের অবস্থান জানার পাশাপাশি নিজেদের পরিস্থিতি সরকারকে জানানোর চেষ্টা করেছেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান ও মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল দিপু প্রমুখ।
বৈঠক শেষে সেলিম ওসমান ইত্তেফাককে বলেন, মজুরি বোর্ডের সুপারিশ মন্ত্রণালয়ে জমা দেয়ার পর প্রধানমন্ত্রী তাঁর সুপারিশ জানাবেন বলে আমাদের জানিয়েছেন। তিনি বলেছেন, এখন কিছুই বলবো না যাতে এ খাতে কোন অসন্তোষ সৃষ্টি না হয়। মজুরি বোর্ড জমা দিক। তার পর সুপারিশ দেব।
