ভীতিকর পরিবেশে আলোচনা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৭
হরতাল-অবরোধকে কেন্দ্র করে কোন ভীতিকর পরিবেশে সরকার আলোচনায় বসবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর। তিনি বলেন, যেকোন দলের সঙ্গে আলোচনা করতে সরকার প্রস্তুত। মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে বুধবার তৈরি পোশাক খাতের অগ্নি নিরাপত্তার জন্য ৩৪ জন প্রশিক্ষককে প্রাথমিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা হরতাল করছে তারাই বিভিন্ন ব্যক্তি ও গণমাধ্যমের উপর গ্রেনেড হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেয়া হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহমেদ খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, শ্রম সচিব মিকাইল শিপার, গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামসহ উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিবৃন্দ।