ছাত্রমৈত্রী সভাপতিকে হত্যার হুমকিতে ২৫ এমপির উদ্বেগ

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:০৮
বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুকে হত্যার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন ২৫ জন সংসদ সদস্য। এক যৌথ বিবৃতিতে সংসদ সদস্যরা বলেন, বাংলাদেশে মৌলবাদ-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে এদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ছাত্রসমাজ ও ছাত্র সংগঠনসমূহের ভূমিকা অগ্রগণ্য। এইসব অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু ছাত্রনেতা জীবন উত্সর্গ করেছেন। এমনকি যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনেও এসব ছাত্র সংগঠনের ভূমিকা ছিল অগ্রগণ্য। আর তাই এখন ছাত্রনেতারা এই জঙ্গিবাদীদের টার্গেটে পরিণত হয়েছেন। রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর ফেসবুক টাইমলাইন ও ফ্যানপেজে বিভিন্ন সময়ে বেশকিছু ফেসবুক আইডি থেকে উস্কানিমূলক ও প্ররোচনাপূর্ণ বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার ঘটনা আশঙ্কাজনক। বাপ্পাদিত্যসহ অন্য ছাত্রনেতাদের হুমকিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত তরুণদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন তারা। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের চিফ হুইফ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, রাশেদ খান মেনন, মঈনুদ্দিন খান বাদল, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, মোস্তফা জালাল মহিউদ্দিন, খান মো: টিপু সুলতান, শওকত মোমেন শাহজাহান , আসাদুজ্জামান নূর, আব্দুল মান্নান, মো: শাহরিয়ার আলম, হায়াতোর রহমান খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জিন্নাতুন্নেসা তালুকদার, ইকবালুর রহিম, খালিদ মাহমুদ চৌধুরী, মো: শহীদুজ্জামান সরকার, মনোরঞ্জন শীল গোপাল, মো: আব্দুল বাতেন, নাহিম রাজ্জাক, ইঞ্জি. মোশাররফ হোসেন রতন, মোল্লা জালালউদ্দিন, মো: সফিকুল ইসলাম, সৈয়দ মহসীন আলী, ব্রিগে. জেনারেল (অব.) এস কে আবু বাকের।