লিওনেল মেসির ছেলে থিয়াগোর জন্মদিন ২ নভেম্বর। আগামী শনিবারই থিয়াগোর বয়স এক বছর পূর্ণ হবে। ইউনিসেফের শুভেচ্ছা দূত মেসি তনয়ের প্রথম জন্মদিন উপলক্ষে আর্জেন্টাইন অধিনায়ক তার বন্ধু ও সমর্থকদের উদযাপনায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।
ইউনিসেফ ‘লিও এন্ড থিয়াগো মেসি’ নামে একটি ওয়েবসাইট খুলেছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ ওয়েবসাইটটি সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম সন্তানের প্রথম জন্মদিন উপলক্ষে উচ্ছ্বসিত মেসিও। এ ওয়েবসাইটে আপলোড করা একটি ভিডিওতে মেসি বলেন, ‘নভেম্বরে আমি পৃথিবীর সেরা উপহারটা পাই—সেটি হচ্ছে থিয়াগোর জন্ম। এটা তার প্রথম জন্মদিন। পৃথিবীর প্রতিটি শিশুর বেড়ে ওঠার জন্য সমান সুযোগ সৃষ্টি করার জন্য আমাকে সাহায্য করুন।’
এ আর্জেন্টাইন তারকা মনে করেন, তার সন্তানের বেড়ে ওঠা সকল শিশুর খাদ্য, খাবার পানি, বিভিন্ন রোগের ওষুধ এবং ভাল শিক্ষা নিশ্চিতকরণের জন্য কাজে তাকে আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ করবে। মেসি এবং ইউনিসেফের এ প্রচারণার মূল উদ্দেশ্য হলো বাঁচার জন্য সব শিশুর সমান অধিকার নিশ্চিতকরণ।
