উচ্চমাধ্যমিক শ্রেণিতে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ে ব্যবহারিক থাকার আবশ্যকতা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ১৮:০০
শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয় সংযোজিত হয়েছে, যা ছয়টি শাখার শিক্ষার্থীদের জন্যই আবশ্যিক। সরকারের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেছেন শিক্ষাসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কিন্তু কম্পিউটার শিক্ষায় ব্যবহারিক বাদ দিয়ে আইসিটি’র প্রয়োগ সম্ভব নয় বলে অনেকে মনে করেন। শুরু থেকে আবশ্যিক হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক এবং নম্বর বণ্টন বিষয়ে কোনো দিক নির্দেশনা না থাকলেও এনসিটিবিতে লেখকদের নিয়ে মিটিংয়ে এ বিষয়ে অবশ্যই ব্যবহারিক থাকবে এবং এর জন্য ২৫ নম্বর বরাদ্দ করার বিষয়ে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে লেখকরা তাদের বইয়ের পাণ্ডুলিপি তৈরি করে এনসিটিবি থেকে অনুমোদন নিয়ে প্রকাশ করেছে। নতুন করে আবশ্যিক হওয়া এ বিষয়টি নিয়ে সারাদেশে ব্যাপক আলোড়ন, উত্সাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের প্রস্তুতিও সম্পন্ন করেছে। যেসব শিক্ষার্থীরা কোনোদিন কম্পিউটার স্পর্শ করেনি, তাদের মধ্যে এ যন্ত্রটির স্পর্শে আসার উত্সাহ তৈরি হয়েছে। কিন্তু হঠাত্ করেই শুনা যাচ্ছে যে এ বিষয়ে ব্যবহারিক থাকবে না। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাব নেই, বিদ্যুত্ নেই ইত্যাদি অজুহাতে ব্যবহারিক উঠিয়ে দেওয়ার কথা শুনা যাচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে কম্পিউটার। আর কম্পিউটার মানে এর অ্যাপ্লিকেশন তথা ব্যবহার। এ বিষয়ে ব্যবহারিক থাকবে না বিষয়টি অনেকে মেনেই নিতে পারছেন না। ব্যবহারিকের নম্বর যেহেতু শিক্ষকদের হাতে থাকে, তাই শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা, শিক্ষকদের কথা শোনা, বেশি বেশি ক্লাশে হাজির হওয়া ইত্যাদি অনেকটা বাধ্য হয়েই করত। কিন্তু ব্যবহারিক না থাকলে শিক্ষার্থীরা বেশিরভাগই ক্লাশে হাজির হবে না বলে অনেক শিক্ষক মনে করেন। এতে করে আইসিটিতে দক্ষ জনশক্তি তৈরির প্রক্রিয়া অনেকটা ব্যাহত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে সাতটি বিভাগের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়টি বাধ্যতামূলক হিসেবে রয়েছে। কিন্তু এতে ব্যবহারিক না থাকায় শিক্ষার্থীরা ক্লাসে একেবারেই কম উপস্থিত থাকে যা অনেক সময় শিক্ষকদেরকে বিব্রতকর অবস্থায় ফেলে। এ বছর যেসব বিষয়ে কখনও ব্যবহারিক ছিল না এ রকম অনেক বিষয়ে ব্যবহারিক যুক্ত করা হয়েছে। কম্পিউটার একটি ব্যবহারভিত্তিক বিষয়। এ বিষয়ে অবশ্যই ব্যবহারিক থাকা উচিত। উচ্চমাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অর্ন্তভুক্ত ব্যবহারিক না থাকলে এ বিষয়ে শিক্ষার্থীদের কতটুকু বাস্তব দক্ষতা অর্জিত হবে, সেটি এখন অনেকটাই প্রশ্নের মুখে। (কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক লেখক)