কণ্ঠশিল্পী তানভীর শাহীনের নিউইয়র্কের স্টুডিওর প্রতিটি কোণে আজও আছে মান্না দে’র স্মৃতি চিহ্ন। কারণ নিউইয়র্ক প্রবাসী এই কণ্ঠশিল্পী তার ‘থ্রি এম’ স্টুডিওটি উদ্বোধন করেছিলেন মান্না দে’র মাধ্যমে। সেই দিন থেকে নিউইয়র্কে যতবার মান্না দে এসেছেন, ততবারই খবর নিয়েছেন তানভীর শাহিনের স্টুডিওর। এমনকি পরবর্তী সফরে এসে মান্না দে তানভীর শাহীনের স্টুডিওতে রেকর্ডিং করবেন বলেও জানিয়েছিলেন। এ প্রসঙ্গে তানভীর শাহীন বলেন, ‘মান্না দা আমার প্রাণের মানুষ ছিলেন। নিউইয়র্কে অনেকেই তাকে নিয়ে অনুষ্ঠান করেছেন। কিন্তু আমার আয়োজনে তার অনুষ্ঠানটি ছিল খুব স্মরণীয়। তিনি আমাকে তার ছেলের মতো আদর করতেন। আমার স্টুডিও উদ্বোধন ছাড়াও স্রেফ আড্ডা দিতে এক সন্ধ্যা কাটিয়েছেন আমার পরিবারের সাথে। অনেক শিল্পীকেই দেখেছি ঘরোয়া কোনো অনুষ্ঠানে সহসা গাইতে চান না। কিন্তু এদিক দিয়ে মান্না দা ছিলেন একেবারেই ভিন্ন মানুষ। আড্ডায় সব সময় খুব মজা করতেন। এমনিতে রাশভারী এই মানুষটিকে দেখলে বুঝার উপায় নেই যে, এতটা মানুষ হাসাতে পারেন তিনি। তরুণদের গানের খুবই খেয়াল রাখতেন সব সময়। আজ তিনি নেই। অথচ সারা স্টুডিওতে তার স্মৃতি পড়ে আছে। আজও কোনো অনুষ্ঠানে দাদার কোনো না কোনো গান গাওয়া হয়। দাদার সামনেও গেয়েছিলাম। ফোনেও তার কাছ থেকে গান তুলে নিয়েছি। এসবই আজ আমার স্মৃতিরসদ!
