স্বাস্থ্য সাইট সচলের দায়িত্ব আমি নিলাম :ওবামা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২০:৫৭
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে গত বুধবার বক্তৃতা দেয়ার সময় ত্রুটিযুক্ত স্বাস্থ্যসেবামূলক ওয়েবসাইট সচল করার পুরো দায়িত্ব গ্রহণ করার কথা জানান দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তার তত্ত্বাবধানেই এটি ঠিক করার কথা বলেন তিনি। এসময় সেবামূলক এ ওয়েবসাইটটি বিকল হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বক্তৃতায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, গ্লিচ-লেডেন প্রজেক্ট নিয়ে আমি খুশি নই। কিন্তু ২০১০ সালে প্রণীত স্বাস্থ্যসেবা আইন রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ক্যাথোলিন সেবেলিয়াস ওয়েবসাইট বিপর্যয় ঘটায় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ১৯৬০ সাল থেকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে রোগীদের রক্ষা ও পরিচর্যা সংক্রান্ত আইন সবচেয়ে গ্রহণযোগ্য একটি আইন হিসাবে গণ্য হয়ে আসছে। বর্তমানে এটি ‘ওবামা স্বাস্থ্যসেবা’ নামে পরিচিত। স্বাস্থ্যবীমা বাড়ানোর লক্ষ্যে এটি কাজ করছে। আমেরিকায় স্বাস্থ্যসেবা থেকে যারা বঞ্চিত এমন লোকসংখ্যার শতকরা ১৫ ভাগকে এর আওতায় আনা হবে। ওবামা বলেন, ওয়েবসাইটটি যে খুবই ধীর গতিতে চলছে তা অস্বীকার করার কোন উপায় নেই। অনেক মানুষ এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরো বলেন, তাই এ বিষয়টিকে এড়িয়ে যাওয়ার কোন অবকাশ নেই।