গুপ্তচরবৃত্তি:যুক্তরাষ্ট্র গেছে জার্মানির প্রতিনিধি দল

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২০:৫৯
গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে গোয়েন্দা কর্মকর্তাদের প্রতিনিধিদল পাঠিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের মোবাইল ফোনে আড়িপেতেছে বলে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনার জন্য বুধবার এ প্রতিনিধিদল পাঠালো জার্মানি। মার্কেলের বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা এবং জার্মানির গোয়েন্দা সমন্বয়ক হোয়াইট হাউসে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা তাদের গোয়েন্দ কর্মসূচি নিয়ে সাফাই গেয়েছেন। কিন্তু বিদেশি মিত্রদেশগুলোর নেতাদের ওপর গোয়েন্দাগিরির একাধিক খবরে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষোভ বাড়ছে। এনএসএ ওয়াশিংটন এবং জাতিসংঘেও ফরাসি নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করেছে বলেও খবর পাওয়া গেছে। মার্কেল তার উপদেষ্টাদের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইজনকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। এ থেকে বোঝা যায় তিনি কতটা গুরুত্বের সঙ্গে বিষয়টিকে নিয়েছেন। দুইজনের একজন হলেন তার বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ক্রিস্টোফ হিউসজেন এবং জার্মান সরকারের গোয়েন্দা সমন্বয়ক গুয়েন্টার হেইস।