টেকেরহাটে ভাঙ্গনে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৪
রাজৈর উপজেলার মল্লিককান্দি এলাকায় টেকেরহাট-শংকরদী-শ্রীনদী সড়ক কুমার নদের ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। টেকেরহাট বন্দরসহ ২০টি গ্রামের ছাত্রছাত্রীসহ শত শত লোক এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু ভাঙ্গনের কারণে প্রতিদিন এ সড়কে চলাচলকারী শত শত ভ্যান, মটরসাইকেল, ইজিবাইক ও মাহেন্দ্র মল্লিককান্দি লুত্ফর খালাসীর বাড়ির নিকট যাত্রী নামিয়ে দেয় এবং যাত্রীরা দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে শ্রীনদী পৌঁছায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে নারী ও শিশু যাত্রীরা। ভাঙ্গনে কালীবাড়ী ঘাটটিও বিলীন হওয়ার পথে। এছাড়া নদের উত্তরপাড়ে হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় ও কালীবাড়ী বাজারে যেতে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হয়। অন্যদিকে চর মস্তফাপুর বাজার, কপালীপাড়া শাখারপাড় গ্রামের ২৫টি পরিবারসহ শংকরদী গ্রামের ১০টি পরিবার হুমকির মুখে। এ এলাকার দুটি বৈদ্যুতিক খুঁটি যেকোন সময় নদীগর্ভে ধসে পড়তে পারে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়াত্-উদদৌলা খান জানান, রাস্তাটি মেরামতে জরুরি ব্যবস্থা নেয়া হচ্ছে।