নড়াইলে দুইজনসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
নড়াইল
নড়াইলের নড়াগাতি থানার বড়দিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের বাবু মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৪) এবং একই থানার পুটিমারি গ্রামের রফিক ফকিরের ছেলে মেহেদী হাসান ফকির (১৪)।
ভেড়ামারা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১০ মাইল এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহিনূল ইসলাম প্রামানিক (২৬) নামে এক সিএনজি চালক নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত শাহিনূল পূর্ব ভেড়ামারার আঙ্গুর প্রামানিকের ছেলে। আহতদের কুষ্টিয়া ও ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কের গোডাউনের নিকট গতকাল বৃহস্পতিবার সকালে ভটভটির ধাক্কায় আব্দুল খালেক (৬০) নামে এক সাইকেল আরোহী মারা যান।
ছাতক (সুনামগঞ্জ)
ছাতকের তাজপুর এলাকায় গত বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মোহন মিয়া (৫২) নামে এক বেকারী শ্রমিক মারা যান। সে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পীর হাজীপুর গ্রামের মৃত আব্দু মিয়ার পুত্র।
সারিয়াকান্দি (বগুড়া)
সারিয়াকান্দির কড়িতলা-রৌহাদহ সড়কে আবু আব্দুল্লাহ মাদ্রাসা এলাকায় গতকাল বৃহস্পতিবার মোটর সাইকেলের ধাক্কায় গেদা মিয়া (৮৫) নামে এক ব্যক্তি মারা যান।
চাটমোহর (পাবনা)
আটঘরিয়ায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় আহত ফিরোজা বেগম (৭০) নামে এক বৃদ্ধা গতকাল বৃহস্পতিবার সকালে চিকিত্সাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
ফুলবাড়ি (দিনাজপুর)
ফুলবাড়ি উপজেলার বোরোকোনা মোড় এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে ট্রাকের চাপায় রেজাউল ইসলাম (৩০) নামে এক আলু ব্যবসায়ী মারা যান। নিহত রেজাউল ইসলাম উপজেলার অম্রবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা যান। নিহতরা হলেন, আজিরন (৮০) ও ওমর ঢালী (২২)।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার জংলিবাড়ি জোড়া ব্রিজ এলাকায় গত বুধবার সকালে সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আব্দুল মালেক ও একই গ্রামের লিটন আলী (২৫)। আহতদের মধ্যে সাইফুর রহমান ও আব্দুল মতিনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
