ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত বুধবার রাতে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনের মাঝখানের একটি যাত্রীবাহী বগী রেল লাইন থেকে ছিটকে পড়ে ২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। এ ঘটনার প্রায় ৬ ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নিহতরা হলেন— নেত্রকোনার বারহাট্টার মোস্তাকিম (২৫) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নূরুল আমিন (৪৫)। আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনার কারণ তদন্তে ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি সাইদুল ইসলাম বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আতংকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহতের সংখ্যা বেড়েছে।
