দিনাজপুরে অবাধে মাদক ব্যবসা : প্রশাসন নীরব

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:০৬
দিনাজপুরের সর্বত্র চলছে ফেন্সিডিল, গাঁজা, চোলাইমদসহ বিভিন্ন প্রকার মাদকের রমরমা ব্যবসা। প্রশাসন দেখেও না দেখার ভান করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার যুবসমাজ। সেই সাথে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাই, রাহাজানি, প্রতারণা ইত্যাদি ঘটনা। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যত্ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। জানা যায়, শহরের ফকিরপাড়া, নিউটাউন, রামনগর, কাঞ্চনঘাট, হঠাত্পাড়া, কালুরমোড়, বালুবাড়ী, সুইপাড়পট্টি, লাইনপাড় বস্তি এলাকা, মাতাসাগরসহ বিভিন্ন জায়গায় অবাধে মাদক পাওয়া যায়। শুধু দিনাজপুর শহরেই নয়, গ্রামেও চলছে এসব ব্যবসা। গ্রামাঞ্চলেও অবাধে বিক্রি ও সেবন চলছে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, চোলাইমদসহ বিভিন্ন প্রকার মাদক। মাদক ও জুয়ায় আসক্ত হয়ে পড়ছে উঠতি বয়সী স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রসহ যুবকরা। অথচ প্রশাসনের সদইচ্ছার অভাবে শহর মাদকদ্রব্যে সয়লাব হয়ে পড়েছে। এ সব এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতয়ালী থানা পুলিশের পাশাপাশি এলাকা ভিত্তিক রয়েছে সদর উপজেলা পুলিশ ফাঁড়ি, বালুবাড়ি পুলিশ ফাঁড়ি, পুলহাট পুলিশ ফাঁড়ি, মুন্সিপাড়া পুলিশ ফাঁড়ি, রেলবাজার পুলিশ ফাঁড়ি। অথচ পুলিশ ফাঁড়িতে দায়িত্বে থাকা কর্তাবাবুদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তেমন কোন ভূমিকাই নেই। উল্টো অভিযোগ উঠেছে মাদক বিক্রেতাদের সাথে তাদের যোগসাজশের। এছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মাদক বিরোধী কার্যক্রম নেই বললেই চলে।