চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা সাব-রেজিস্ট্রারের দুর্নীতির প্রতিবাদে ও তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় আইনী ব্যবস্থা গ্রহণ এবং অপসারণের দাবিতে গত বুধবার দলিল লেখক সমিতি কলম বিরতি শুরু করে।
জানা যায়, সাব-রেজিস্ট্রার নাজনীন জাহান যোগদানের পর থেকে অফিস ফাঁকি দিয়ে আসছেন। সপ্তাহে তিনি মাত্র দেড় দিন অফিস করেন। মঙ্গলবার দুপুরে অফিসে এসে বুধবার ২টার দিকে অফিস ত্যাগ করেন। টাকা ছাড়া তিনি কোন জমি রেজিস্ট্রি করেন না। জমি রেজিস্ট্রিতে দলিল মূল্যে প্রতি লাখে ৫০০ টাকা, নতুন দলিল প্রতি ৫০ টাকা, খারিজ কপি না থাকলে ২ হাজার টাকা, হেবানামা দলিলে ২ হাজার টাকা, মূল রেকর্ড না থাকলে ৩০০ টাকা, তহসিলদারের কপি হলে ৫০০ টাকা, জমির শ্রেণি পরিবর্তন করতে ৬০০০ টাকা, জমি গ্রহীতা না থাকলে ২০০ টাকা, দুপুর ২টা পর লেট ফাইনের নামে ১০০ টাকা এবং ৩টার পরে ২০০ টাকা করে ঘুষ আদায় করেন। ঘুষ না পেলে তিনি দলিল রেজিস্ট্রি না করে অহেতুকভাবে মহুরিদের হয়রানি করে থাকেন। সাব-রেজিস্ট্রারের মোবাইলে একাধিকবার ফোন করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সাব রেজিস্ট্রার নাজনিন জাহান জানান, যে সব দলিলের সঠিক কাগজপত্র নেই সে সব দলিল ঘুষের বিনিময়ে রেজিস্ট্রি করতে সম্মত না হওয়ায় দলিল লেখক সমিতির সদস্যরা আমার বিরুদ্ধে কলম বিরতি শুরু করেছে।
