বানারীপাড়ায় কক্ষ স্বল্পতার কারণে উপজেলা পরিষদের দোতলার বারান্দায় কাজ করছেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা প্রকৌশলীর দপ্তরের কমিউনিটি অর্গানাইজার এইচএম সেলিম, সার্ভেয়ার মো. ইব্রাহিমসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপজেলা পরিষদের দোতলায় এলজিইডি অফিসের সামনের বারান্দায় গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ করছেন। চলাচলের জন্য ব্যবহূত খোলা স্থানে দপ্তরের দাপ্তরিক কাজ করায় গোপনীয়তা ভঙ্গসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র বেহাত হওয়ার আশংকা রয়েছে।
জানা গেছে, সমপ্রতি এলজিইডি অফিসের একটি কক্ষ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ব্যবহার করায় ওই রুমের পূর্বের ব্যবহারকারী কর্মকর্তা ও কর্মচারীরা নিরুপায় হয়ে সামনের বারান্দায় দাপ্তরিক কাজ করছেন। উপজেলা প্রকৌশলী ফজল আহমদ জানান, বিষয়টি উপজেলা চেয়ারম্যানকে অবহিত করা হলে তিনি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।
