‘আমি গানের মানুষ। রাজনৈতিক অঙ্গনের মানুষ নই। সব মতের মানুষের জন্য আমি গান করি। তবে শিল্পী সত্তার বাইরে আমার একটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে। আমি বিএনপির সমর্থক। এ তো দোষের কিছু নয়। আর এ কারণেই মঙ্গলবার গভীর রাতে আমার নেত্রকোনা সদর থানা এলাকার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। এতে আমি ভীত ও বিব্রতবোধ করছি।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ও সংগীত শিল্পী মনির খান।
সমপ্রতি বিএনপির সমর্থনে ফেইসবুকে তার স্ট্যাটাসের প্রেক্ষিতেই সরকার পুলিশ লেলিয়ে দিয়েছে অভিযোগ করে ন্যান্সি বলেন, প্রতিটি নাগরিকের রাজনৈতিক মতাদর্শ নিয়ে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আমার ভালো লাগার জায়গা থেকে আমি বিএনপির প্রশংসা করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছি। এ আমার গণতান্ত্রিক অধিকার।
সরকার বিরোধী মতপ্রকাশের পর মধ্যরাতে পুলিশের অভিযানে ক্ষুুব্ধ ন্যান্সির অভিযোগ, অভিযানের সময় পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতারের হুমকিও দিয়েছেন।
এদিকে নেত্রকোনা সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পুলিশ ন্যান্সির বাড়িতে অভিযান চালাতে যায়। তবে ঐ সময় ন্যান্সি ঢাকায় অবস্থান করায় অনুমতি না পাওয়ায় পুলিশ অভিযান চালাতে পারেনি।
