নিজামীর মামলার যুক্তিতর্ক শুরু রবিবার

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২১:৫৫
জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রবিবার থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। বৃহস্পতিবার মামলার চতুর্থ ও শেষ সাফাই সাক্ষী নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন। আগামী ৩-৫ নভেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপক্ষ ও ৬-১১ নভেম্বরের চারদিনের মধ্যে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবেন। গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। এদিকে জামায়াতের নায়েবে আমীর আব্দুস সুবহানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে আসামিপক্ষের দ্বিতীয় দিনের শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। গত ২৩ অক্টোবর আসামিপক্ষ শুনানি শুরু হয়। ওইদিন শুনানি শেষে মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। সুবহানের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান শুনানি করেন। এর আগে ৯ অক্টোবর অভিযোগ গঠনের পক্ষে রাষ্ট্রপক্ষ শুনানি করে।