গোদাগাড়িতে বাড়ছে নারী শ্রমিকদের কদর

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:৫৭
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় টমেটোর আবাদ হয়। আর বর্তমানে টমেটো আবাদের মৌসুম শুরু হয়েছে। টমেটো ক্ষেত পরিচর্যায় পুরুষদের পাশাপাশি ব্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ নারীরাও। অবসর সময়ে পুরুষের পাশাপাশি তারাও মাঠে শ্রম দিয়ে আর্থিক অসচ্ছলতা দূর করার চেষ্টা করছেন। টমেটো ক্ষেতের আগাছা পরিষ্কারে অভিজ্ঞ হয়ে উঠেছে গোদাগাড়ীর নারী শ্রমিকরা। বীজতলা থেকে টমেটো চারা তুলে তা জমিতে রোপণের এক-দুই সপ্তাহের মধ্যে গাছের চারপাশের আগাছা পরিষ্কার অত্যন্ত জরুরি। আগাছা পরিষ্কারের পাশাপাশি এসময় গাছের চারপাশের মাটি খুঁড়ে গাছের জন্য পুষ্টিকর সার ও দানাদার বালাইনাশক প্রয়োগ করতে হয়। এদিকে উপজেলায় এবার প্রায় ৪ হাজার হেক্টর জমিতে শীতকালীন টমেটোর চারা রোপণ করা হয়েছে। গোদাগাড়ী উপজেলার যেদিকে তাকাই সেদিকেই দেখা মিলে টমেটো চাষের সাথে ব্যস্ত কৃষক-শ্রমিকদের কোলাহলপূর্ণ পরিবেশ। নারী শ্রমিকরা নিজেদের অভাব-অনটন দূর করে জাতীয় অর্থনীতিতে মূল চালিকাশক্তি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে।