টাঙ্গাইলে উপজেলা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:৫৯
ভুয়া প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত গম আত্মসাতের অভিযোগে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ধানসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলামের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইল দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে বৃহস্পতিবার ঝিনাইগাতী থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ধানসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ২০১২ সালের ৯ জানুয়ারি তিনটি ভুয়া প্রকল্প উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন। প্রকল্পগুলো অনুমোদনক্রমে এগুলোর অনুকূলে দশ টন গম বরাদ্দ করা হয়। কিন্তু প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য গঠিত কমিটিগুলোর মাধ্যমে কোন কাজ না করিয়ে সমুদয় গম আত্মসাত করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার ১২০ টাকা। এ অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্ট উপজেলা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।