বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা কোনাপাড়া গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে গর্তে পড়ে মো. বুলেট চৌধুরীর ছেলে সিরধাতুল মুনতাহা চৌধুরী (২) নামে এক শিশুর মৃত্যু হয়।
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
জগন্নাথপুর উপজেলার পাঠকুরা গ্রামে গত বৃহস্পতিবার রাতে আরজু মিয়ার পুত্র আমজাদ মিয়া (২০) নামে একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নলছিট (ঝালকাঠি)
নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামে গত বৃহস্পতিবার সকালে হাফিজা বেগম (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
দোহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরী গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুস সালামের পুত্র মোহাম্মদ ইছমাইল (২০) নামে একজনের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার ভিমেরপাড় এলাকায় গত বৃহস্পতিবার সকালে অজ্ঞাত নামা (৪০) এক পাগল মহিলার লাশ উদ্ধার করেন পুলিশ। ময়না তদন্ত শেষে বরিশাল আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার হাসিবুর রহমানের মেয়ে লামিয়া আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন বিভাগে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত ২৮ অক্টোবর ঢাকার একটি মহিলা ম্যাসে রান্নার সময় গ্যাসের চুলা থেকে ওড়নায় আগুন লেগে তার শরীর পুড়ে যায়।
বানারীপাড়া (বরিশাল)
বানারীপাড়ার তেতলা গ্রামে গত বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে সোহেল (২০) নামে একজনের মৃত্যু হয়। সে পৌর স্বেচ্ছাসেবক দল ও বন্দর বাজারের ওয়ার্কসপ মালিক সমিতির সম্পাদক জাকির হোসেনের ছোট ভাই। নিহত সোহেল গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানায়।
