ধূমপানে বয়সের ছাপ
অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের চেহারায় আগেভাগেই বয়সের ছাপ পড়ে যায় বলে সামপ্রতিক এক গবেষণায় বলা হয়েছে। চোখের নিচের পাতা ঝুলে পড়া, ঠোঁটসহ মুখাবয়বে বলিরেখা পড়ে, ধূমপায়ীরা সহজেই লাবণ্য হারায়। গবেষকরা দুইজন ধূমপায়ীর অবয়ব পরীক্ষা করে দেখতে পান একজনের চেহারা অন্যজনের চেয়ে ৫৭ ভাগ নেতিয়ে পড়েছে। —রয়টার্স
গৃহ শ্রমিকদের নতুন আইন
ইন্দোনেশিয়ার আইন প্রণেতারা এমন একটি আইন তৈরি করতে যাচ্ছেন যে আইনের ফলে ২০১৭ সালের পরে দেশটির গৃহ শ্রমিকদের বাইরে চাকরি করতে যাওয়া কঠিন হয়ে পড়বে। চাকরিদাতারা যেন ইন্দোনেশিয়া থেকে শ্রমিক নিতে অনাগ্রহ বোধ করে এমন পরিকল্পনায় আইনের খসড়াটি করেছে ঐ দেশের সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়ার প্রায় ৫০ লাখ মহিলা শ্রমিক যারা দেশের বাইরে কাজ করেন এ আইনের ফলে তাদের কাজ হুমকির মুখে পড়তে পারে। —বিবিসি
চিলিতে ভূমিকম্প
চিলির মধ্যাঞ্চলীয় উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৬। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, গ্রিনিচ সময় ২৩ দশমিক ০৩ টায় আঘাত হানা এ ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল কোকুইম্বো শহরের প্রায় ৫৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে। —এএফপি
