টানা প্রায় দুই মাস আমেরিকা সফর শেষে দেশে ফিরলেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী। না কোনো কনসার্টে অংশ নিতে নয়। স্রেফ পারিবারিক ট্যুরেই সেখানে গিয়েছিলেন। তবে ট্যুরের পাশাপাশি নিজের শারীরিক চেকআপও সেরে নিয়েছেন। পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে সময় কাটিয়ে শিল্পী দেশে ফিরেছেন গত ২৯ অক্টোবর। তবে দেশে এসে কিছুদিন বিশ্রাম নিয়ে তবেই নতুন কোনো রেকর্ডিং বা শুটিংয়ের কাজে হাত দেবেন।
দেশে ফিরে ইত্তেফাককে বলেন, ‘আমেরিকায় বসেই প্রিয় শিল্পী মান্না দে’র খবরটি শুনলাম। ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় ছিল। তবুও আমি বলব তিনি খুব ভাগ্যবান যে, সর্বশেষ ৮৭ বছর বয়সে শেষ রেকর্ডিং করে গেছেন। আমার কাছে তার শেষ রেকর্ডটিও আছে। আমি প্রায়ই শুনি। তবে কলকাতায় শুধু নয়। আমি মনে করি মান্না দে’র মতো শিল্পীর মৃত্যুতে সর্বভারতে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা উচিত ছিল।
উল্লেখ্য, আমেরিকা যাওয়ার আগে সুবীর নন্দী তার সর্বশেষ নতুন একটি সলো অ্যালবামের কাজ শেষ করে গেছেন। ‘মুগ্ধতা নেব বলে’ শিরোনামের এই অ্যালবামে ৯টি আধুনিক গানের পাশাপাশি একটি রবীন্দ্রসংগীতও করেছেন তিনি। খুব শিগগিরই অ্যালবামটি বাজারে মুক্তি পাবে।
