যুব সমাজকে অন্যের মুখাপেক্ষী না হতে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরির জন্য অন্যের মুখাপেক্ষী না হয়ে সরকারের দেয়া সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, যুব ও যুব মহিলারা আত্মকর্মসংস্থানের জন্য মত্স্য চাষ, হাঁস-মুরগী পালন, গবাদিপশুর খামার স্থাপন, শাকসব্জির বাগান, অর্থকরি ফসল চাষ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পসহ বিভিন্ন উদ্যোগ নিতে পারে। সমবায়ের ভিত্তিতেও তারা এ সকল উদ্যোগ বাস্তবায়ন করতে পারে। এতে চাকরির চেয়ে অনেক বেশি উপার্জন করা সম্ভব হবে। তিনি বলেন, যুব সমাজের নিজস্ব কর্মসংস্থানে এসব খাতে যুব উন্নয়ন অধিদপ্তর, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি ব্যাংক ও অন্যান্য তফসিলী ব্যাংক সহজশর্তে ঋণ দিচ্ছে। শেখ হাসিনা শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন। চলতি বছর বিভিন্ন খাতে ১৫ যুবক জাতীয় যুব পদক লাভ করেছেন। তারা হলেন- সুনামগঞ্জের মিজানুল হক সরকার, কিশোরগঞ্জের আমিরগঞ্জে নুরুল আরেফিন লিংকন, ঢাকার গোপীবাগের নাজনিন পারভীন, নারায়ণগঞ্জের আমলাপাড়ার সাবিরা সুলতানা, বান্দরবানের ছিমি দালুপাড়ার মাসিং নু মারমা, ফরিদপুর সদর উপজেলার আলীপুরের তামান্না মোসলেম মীরা, ফেনীর সোনাগাজীর মহিউদ্দিন আহমেদ, নাটোরের বাগাতিপাড়ার সেলিম রেজা, সাতক্ষীরার দেবহাটার আবু আব্দুল¬াহ আল আজাদ, বরিশালের বগুড়া রোডের নাজমা পারভীন সিমু, মৌলভীবাজারের সাতপুরের কামরান হোসেন, দিনাজপুরের রামনগরের আসমা উল হুসনা, ঝালকাঠি সদর উপজেলার ফয়সাল রহমান, ভোলা সদর উপজেলার জাকির হোসেন মহিন ও যশোরের নবদিগন্ত মহিলা সংস্থার আইরিন বেগম। যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে এ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল ও মন্ত্রণালয়টির সচিব নুর মোহাম্মদ, যুব অধিদপ্তরের মহাপরিচালক অজিত কুমার মুকুতমনি এবং পদকপ্রাপ্তদের মধ্যে মহিউদ্দিন আহমেদ ও সাবিরা সুলতানা অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন।