সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করা হবে :তথ্যমন্ত্রী

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:২২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহের শেষ দিকে তা চূড়ান্ত হবে। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণাত্তোর পর্যালোচনা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে তথ্যমন্ত্রী আরো বলেন, শিল্প হিসেবে ঘোষণা করলে সংবাদপত্র সক্রিয় ও জীবন্ত হবে। ইলেকট্রনিক মিডিয়াকে এর আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ১৯৭৪ সালের এ সংক্রান্ত আইনটিতে প্রত্যাবর্তনের কাজ চলছে। তথ্যমন্ত্রী বলেন, অসহায় দুঃস্থ ও পঙ্গু সাংবাদিকদের জন্য সরকার ‘সাংবাদিক সহায়তা ট্রাস্ট ফান্ড’ গঠন করবে। আগামী সোমবার এ সংক্রান্ত আইনটি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা অনুমোদন করলে এটা আইন আকারে সংসদের চলতি অধিবেশনেই পাস হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, আমরা মন্ত্রীর কাছে ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য পাঁচ দফা দাবি তুলে ধরবো। সভায় অন্যান্যের মধ্যে বিএফইউজের আরেক অংশের সভাপতি রুহুল আমীন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শাবান মাহমুদসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।