আমরা প্রায়শই একটু ভাল খাবারের সঙ্গে সালাদ খেতে পছন্দ করি। অনেকেই এমনিতেই সালাদ খান। বিশেষ করে কাঁচা সালাদ। সালাদ তৈরির ক্ষেত্রে শসা, টমেটো, গাজর, নানা সবজি, পাতা ইত্যাদি ব্যবহার করা হয়। রান্নার সময় এসব সবজিতে কোন ধরনের জীবাণু থাকলে তা নষ্ট হয়ে যায় বা মারা যায়। কিন্তু সালাদ তৈরির সময় এসব জীবাণু পানি দিয়ে ধুয়ে নিলে অনেক ক্ষেত্রে ধ্বংস হয় না। ফলে এসব জীবাণু খাবারের সঙ্গে মিশে পাকস্থলীতে প্রবেশ করে ফুড পয়জনিং, পেটের পীড়া সৃষ্টি করতে পারে। তাই সালাদ তৈরির সময় সালাদের উপকরণ অবশ্যই জীবাণু মুক্ত করতে হবে।
এক্ষেত্রে সালাদের উপকরণ যেমন পরিষ্কার ফুটানো পানি দিয়ে ধুয়ে নিতে হবে তেমনি সালাদ যিনি তৈরি করছেন ক্ষেত্রবিশেষ সেই গৃহকর্মীর হাত, নখ পরিষ্কার আছে কিনা তাও দেখতে হবে। কারণ মনে রাখতে হবে সালাদের উপাদান সিদ্ধ করে জীবাণু মুক্ত করার কোন সুযোগ নেই। তাই যথা সম্ভব পরিষ্কার ফুটানো পানি দিয়ে বার বার ধুয়ে নিতে হবে। এতে অনেক ক্ষেত্রে সালাদ স্বাস্থ্যসম্মত হতে পারে। তবে হোটেল, রেস্তোরাঁয় সালাদ পরিহার করা ভালো। তবে কিছু কিছু মানসম্মত হোটেল বা অভিজাত হোটেলের সালাদ তৈরির ক্ষেত্রে হাইজিন মেনে চলা হয়। তাই এসব সালাদ নিরাপদ। এছাড়া বাসায় সালাদ তৈরির সময় যাতে ট্যাপের পানি ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে হবে। কারণ সালাদ তৈরি হাইজিনিক না হলে টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিসের মত পানি ও খাদ্যবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
