আর কে মিশন রোডে সন্ত্রাসীরা একটি দোকানে ঢুকে এক এয়ারকন্ডিশন টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার বিকালে ৬৪/১/এ, আর.কে মিশন রোডের আরকেডি রেফ্রিজারেটর এ্যান্ড এয়ারকন্ডিশন নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। নেপাল চন্দ্র দাসকে আহত অবস্থায় তার এক সহকর্মী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ঐ দোকানে একসময় রাজিব নামে একজন টেকনিশিয়ান চাকরি করতেন। মাস দুয়েক আগে তাকে মালিক চাকরিচ্যুত করেন। রাজিব ঐ দোকানে চাকরি করা অবস্থায় তার সহকর্মী নেপালের ভাগ্নিকে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে নেপাল ও রাজিবের মধ্যে কয়েকবার ঝগড়াও হয়। বিষয়টি নিয়ে ঐ দোকানের মালিকের কাছে নেপাল অভিযোগ দেন। রাজিব চাকরিচ্যুত হওয়ার পর এর প্রতিশোধ নেয়ার চেষ্টা করেন। শুক্রবার বিকালে রাজিব তার দুই সহযোগীকে নিয়ে ঐ দোকানে প্রবেশ করে মালিকের সামনেই ধারালো অস্ত্র নিয়ে নেপালের ওপর ঝাঁপিয়ে পড়ে।
