উপজেলা পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বন্ধের হুমকি

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ২১:২৪
সরকারের প্রতিশ্রুত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরের ঘোষণা না দিলে উপজেলা পর্যায়ের প্রকল্পের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দিয়েছেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে স্মারকলিপি প্রদান ও প্রকল্পের সদর কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি শেষে সাংবাদিক সম্মেলনে একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী পরিষদের ব্যানার থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। নেতারা অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দেয়ার পরও অর্থ মন্ত্রণালয়ের আপত্তির কারণে পল্লী সঞ্চয় ব্যাংকের চূড়ান্ত খসড়া সংসদে অনুমোদন দেয়া যাচ্ছে না। এ প্রকল্পের অনেক কর্মকর্তা-কর্মচারীর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা অতিক্রম হয়ে যাচ্ছে। এ অবস্থায় এ প্রকল্পকে স্থায়ী রূপ দেয়া না হলে তারা ও তাদের পরিবার সর্বস্বান্ত হবেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক রতন কুমার বৈদ্যসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। প্রসঙ্গত, গত ৩০ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয় এবং প্রধানমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।