পঞ্চমবারের মতো রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি সদর উপজেলা একাদশ। গত বৃহস্পতিবার রাঙ্গামাটির চিং লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিলাইছড়ি উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায় রাঙ্গামাটি সদর উপজেলা।
কয়েক হাজার দর্শক এ ফাইনাল উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোলের দেখা পায়নি। বিরতির পর হলে আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে রাঙ্গামাটির সদর উপজেলার দলের জয়সূচক গোলটি করেন মুন্না আসাম।
এ গোল নিয়ে বিলাইছড়ির খেলোয়াড়রা আপত্তি জানালেও রেফারি নির্ধারিত সময়ে খেলা শেষ করে টুর্নামেন্টের শেষ বাঁশি বাজান। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন রাঙ্গামাটি দলের রনবীর ও কাপ্তাইয়ের জোবায়ের রহমান জনি। সেরা খেলোয়ারের পুরস্কার পান বিলাইছড়ির সুজয় চাকমা।
গত ২২ অক্টোবর শুরু হওয়া নকআউট পদ্ধতির এই গোল্ডকাপ টুর্নামেন্টে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে দুটি জেলার ১০টি দল অংশ নেয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল¬াহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রাঙ্গামাটি সদর উপজেলার খেলোয়াড়দের হাতে গোল্ডকাপ তুলে দেন। এর আগে রানার্সআপ দল বিলাইছড়ি উপজেলা দলের হাতে ট্রফি তুলে দেন রাঙ্গামাটি সেনা ব্রিগেডের ব্রিগেডিয়ার মোহাম্মদ সরওয়ার হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোত্ মোস্তফা কামাল, পুলিশ সুপার আমেনা বেগম, পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টোসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
