বেশ ক’মাস আগে তিনজন নতুন মুখকে নিয়ে একটি চলচ্চিত্রের ঘোষণা ও মহরত অনুষ্ঠান করেছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। মাসুকা, পিংকী, শ্রাবণ খান নামের তিন নবাগতকে নিয়ে এই ছবির নামও ঠিক করে ফেলেছিলেন। নাম দিয়েছিলেন ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’। কিন্তু ভেবেচিন্তে আর ছবির ফলাফলের কথা ভেবেই পুরোটাই বদলে দিচ্ছেন তিনি। কাস্টিংয়ে আগের তিনজনই থাকছেন। তবে সাথে যোগ হচ্ছেন সোহানুর রহমান সোহানের তৈরি নায়িকা মৌসুমী, ওমর সানি ও মিশা সওদাগর। তবে কাহিনী ও চিত্রনাট্যে যেহেতু খানিক পরিবর্তন আনা হচ্ছে। তাই ছবির নামও বদলে দেওয়া হচ্ছে।
আর এই ছবিতেই দীর্ঘ প্রায় অর্ধযুগ পর আবারও সোহানের পরিচালনায় মৌসুমী অনস্ক্রিন হতে যাচ্ছেন।
নতুন ছবির কাজ নিয়ে সোহানুর রহমান সোহান বলেন, ‘সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকে ছবিটির কাজ শুরু করব। তবে পরিবর্তিত গল্পে বেশ ম্যাচিউরিটি আনা হয়েছে। আমি মনে করি, এই সিনিয়র তিন তারকার পাশাপাশি নবাগত তিনজনকেও বাংলা চলচ্চিত্রে পাবে দর্শকেরা উপহার হিসেবে।’
উল্লেখ্য, দেশ সেরা এই চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়েই এবারের জন্মদিনটি পালন করবেন বলে জানিয়েছেন তিনি।
