বলিউডে এ পর্যন্ত অনেক তারকাই অভিনয়ের একটা সময়ে এসে চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হয়েছেন। তাদের মধ্যে শাহরুখ খান, আমির খান, জন আব্রাহাম, অক্ষয় কুমার, অজয় দেবগণ, প্রীতি জিনতা, দিয়া মির্জা, এশা দেওল, সুনীল শেঠী উল্লেখযোগ্য। মজার বিষয় হলো, প্রযোজনায় এসে তাদের অনেকেই সফল। বিশেষ করে শাহরুখ ও আমিরের সফলতাটা একটু বেশি। আর তাই তারা প্রযোজনায় পুরোপুরি নিয়মিত। সেই ধারাবাহিকতায় এবার প্রযোজকের খাতায় নাম লেখালেন ‘রাব নে বানাদি জোড়ি’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ‘এনএইচ টেন’ শিরোনামের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আনুশকা নিজেই। মূলত, স্ক্রিপ্ট পড়তে গিয়ে খুব বেশি পছন্দ হওয়ায় এটি প্রযোজনার দায়িত্ব নেন তিনি। আগামী বছর ছবিটির শুটিং শুরু করবেন তিনি।
