পাকিস্তানে ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২০:৫৫
মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ায় ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা। শুক্রবার হাকিমুল্লাহ নিহত হওয়ার খবরে এমন আশঙ্কাই করছেন অনেকে। দেশটির সরকারি কর্মকর্তারাও বলছেন, এর ফলে আসন্ন শান্তি আলোচনায় যথেষ্ট প্রভাব ফেলবে। এদিকে হাকিমুল্লাহর পর খান সাইয়েদকে (সাজনা) তেহরিক-ই-তালেবানের পরবর্তী প্রধান হিসাবে নাম ঘোষণা করা হয়েছে। শনিবার শূরা কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে তিনি দক্ষিণ ওয়াজিরিস্তানে টিটিপির অপারেশনের দায়িত্বে ছিলেন। খবর আল জাজিরা, বিবিসি ও ওয়াশিংটন পোস্টের। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানান, শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদসহ ২০ জন নিহত হয়েছেন। দেশটির দৈনিক ডন অনলাইনের খবরে বলা হয়, ওয়াজিরস্তানের দান্দে দারপাখেল এলাকার একটি মসজিদে বৈঠক শেষে সেখানে থেকে চলে যাওয়ার পথে হাকিমুল্লাহর গাড়িতে ড্রোন হামলা হয়। হামলায় তালেবান কমান্ডার আব্দুল্লাহ বাহার মেহসুদ ও তারিক মেহসুদসহ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধানের চার সহচরও নিহত হয়েছেন। তবে হাকিমুল্লাহর মৃত্যুর খবরটি নিয়ে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন কিছু স্বীকার বা অস্বীকার করা হয়নি। তার মৃত্যু নিয়ে কোন মন্তব্য না করে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাকে তারা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছে। কেননা এটি পাকিস্তানের সার্বভীেমত্বের লঙ্ঘন। মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপাত্তা পরিষদের মুখপাত্র ক্যাটলিন হেইদেন বলেছেন, তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে তা ওই গ্রুপের জন্য এক বড় ধরনের ক্ষতি হবে। এছাড়া সরকারি কর্মকর্তারা জানান, এর ফলে শান্তি আলোচনা দারুণভাবে বিঘ্নিত হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি হাকিমুল্লাহর মৃত্যুতে এক প্রতিক্রিয়ায় বলেছেন, শান্তি আলোচনা বানচালের জন্যই এই ড্রোন হামলা চালানো হয়েছে।