মধুখালীতে ২ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৪
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কচুয়া (চাঁদপুর) কচুয়ায় উপজেলার বাইপাস সড়কে গত শুক্রবার বিকালে মাটি বহনকারী টলি ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের জেসমিন আক্তার (৩৫) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন— জেসমিন আক্তারের দেড় বছরের মেয়ে সামিয়া, আবুল বাশার ও রাশেদা বেগম (৩৫)। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুখালী (ফরিদপুর) ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি ব্রিজ এলাকায় গত শুক্রবার ট্রাকের চাপায় ২ নির্মাণ শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতরা হলেন— জলিল হোসেন এবং অসিত কুমার তাদের বাড়ি মাগুরা জেলার কোতয়ালী থানার শ্রীরামপুর গ্রামে। আহতরা হলেন— লিটন, বক্কার, আক্কাচ, দুল্লাভ, সমীর হোসেন এবং নির্মল। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টঙ্গী (গাজীপুর) টঙ্গীর মিলগেট বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে শারমিন আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে মিলগেট এলাকায় টপস অ্যান্ড বটম লি. নামে তৈরি পোশাক কারখানার সুইং হেলপার শারমিন আক্তার মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।