মেহেরপুরে মেয়রসহ ৯ জনের নামে মামলা

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৪
মেহেরপুরের ট্রাক মালিক ফকির মহাম্মদের উপর মধ্যযুগীয় কায়দায় হামলা ও নির্যাতনের ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। গাংনী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীসহ আওয়ামী লীগের ৯ জনকে মামলার আসামি করা হয়েছে। ফকির মহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উল্লে¬খ্য, গাংনীর সাহারবাড়িতে ট্রাকটি ভাড়ায় যায়। ফেরার সময় ট্রাকের চাকার কাঁদা এক আওয়ামী লীগ কর্মীর গায়ে পড়ে। এ নিয়ে ট্রাক ড্রাইভারকে মারধোর ও আহত করে। এ ঘটনায় থানায় মামলা হয়। এ বিষয়ে তারা সমঝোতার কথা বলে মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সদস্য ফকির মহাম্মদকে গ্রামের বাড়ি গাড়াবাড়িয়া থেকে ডেকে আনে। গাংনী হাসপাতাল বাজার এলাকায় পৌর মেয়র আহম্মেদ আলির নেতৃত্বে আওয়ামী লীগের কিছু লোকজন ফকির মহাম্মদের উপর হামলা চালায়। তারা ট্রাক মালিককে একটি কক্ষের মধ্যে ১ ঘন্টা যাবত্ মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। তার হাতের নখ প্লাস নিয়ে উপড়ে ফেলে। এ ঘটনায় জেলায় ২ দিন আন্তঃজেলা বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকে। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। মেহেরপুর জেলা প্রশাসন এক মতবিনিময় সভায় এ হামলায় অসন্তোষ প্রকাশ করে।