আজ ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:০৫
আজ ময়মনসিংহের হালুয়াঘাটে ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস। জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের পাদদেশে ছায়া ঘেরা সবুজ এ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অরক্ষিত এই তেলিখালী গ্রাম। আজ থেকে প্রায় ৪২ বছর পূর্বে এই দিনে তেলিখালী রণাঙ্গণ হয়ে উঠেছিল রক্তাক্ত প্রান্তর। ঐ দিন পতন হয়েছিল হানাদার বাহিনীর একটি শক্তিশালী ঘাঁটি। তুমুল সম্মুখ যুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জয় করেছিল তেলিখালী। এ সময় বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর ২৮ জন শহীদ হন। বিনিময়ে ধ্বংস হয় ২ প্লাটুন বর্বর পাক বাহিনী। তেলিখালী সীমান্ত এলাকার হানাদার বাহিনীর শক্তিশালী দুর্গ সেদিন ভয়ঙ্কর মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩ নভেম্বর তেলিখালী দিবস পালিত হয়ে আসছে। কিন্তু আজও এখানে শহীদদের স্মরণে স্থায়ী কবরস্থান, স্মৃতি সৌধ স্থাপন ও উন্নয়নের পদক্ষেপ নেয়া হয়নি।