পিরোজপুরের কাউখালী উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। কাউখালী উপজেলায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের কোনো খেলার মাঠ না থাকায় শিশুরা প্রাত্যহিক সমাবেশ করতে পারছে না। শিক্ষার পাশাপাশি চিত্তবিনোদনের অভাবে শিশুরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। এসব বিদ্যালয়ের মাঠ এতো ছোট যে শিক্ষার্থীদের খেলাধুলা তো দূরের কথা তাদের দাঁড়ানোর মত জায়গা হয় না। কোনো বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় লোকজনের চলাফেরায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।
