মডেল, উপস্থাপক মিষ্টি জান্নাত তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি ওয়াজেদ আলী সুমনের ‘পাত্রী চাই’ এবং জাজ মাল্টিমিডিয়ার দুটি সিনেমা শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘লাভ এক্সপ্রেস’ এবং অন্য এক পরিচালকের ‘ব্ল্যাঙ্ক চেক’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। মিষ্টি বলেন, ‘আমার প্রথম সিনেমার শ্যুটিং এখনও শুরু হয়নি। এরই মধ্যে আরো দুই সিনেমায় চুক্তিবদ্ধ হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি যে সুযোগ পেয়েছি তা কাজে লাগিয়ে দর্শক হূদয়ে জায়গা করে নিতে চাই।’
জানা গেছে, শাহাদত হোসেন লিটনের সিনেমাতেও মিষ্টি বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন। এ সিনেমার গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং প্রযোজনা করছেন মোশারফ হোসেন। সিনেমার সার্বিক তত্ত্বাবধানে থাকবে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নভেম্বরের ১৬ তারিখ থেকে শ্যুটিং শুরু হবে। বিডিনিউজ ২৪ ডটকম।
