তেজগাঁওয়ে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৭
রাজধানীর তেজগাঁওয়ে মাইনুল হক রাফি নামে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ১০২, পূর্ব তেজতুরী বাজারের নিজ বাসায় এ ঘটনা ঘটে। রাফি তেজগাঁও পলিটেকনিক সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। রাফির বড় বোন রিফাত আরা জানান, গতকাল বিকালে রাফিকে গলায় কাপড় প্যাঁচানো ও অচেতন অবস্থায় তার বিছানায় পাওয়া যায়। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকাল পৌনে ৪টায় জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুপুর ১২টার দিকে রাফি তার বোন রিফাতকে জানায়, তার গলা ব্যথা করছিল। এ কারণে বাসা থেকেও বের হয়নি রাফি। তবে সে আত্মহত্যা করেছে কি-না তা নিশ্চিতভাবে বলতে পারছেন না পরিবারের সদস্যরা। তার গলায় কালো দাগ রয়েছে। এ ব্যাপারে তেজগাঁও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।