ট্যুরিজম মেলা শুরু ১২ ডিসেম্বর

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৮
দেশের ট্যুরিজম শিল্পের বিকাশে ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন জায়গায় বেড়ানোর প্যাকেজগুলো মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রাজধানীতে শুরু হতে যাচ্ছে বৃহত্তম ট্যুরিজম মেলা। ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন ট্যুর অপারেটর, হোটেল ও বিমান সংস্থা বিশেষ ছাড়ে তাদের প্যাকেজ সুবিধা দেবে। মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। পঞ্চমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলার আয়োজন করছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলার প্রধান পৃষ্ঠপোষক ‘ইস্টার্ন ব্যাংক লিমিটেড’। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে আয়োজকরা দেশের রাজনৈতিক অস্থিরতায় উত্কণ্ঠা প্রকাশ করে বলেন, দেশের অস্থিতিশীল সময়ে আমাদের এই মেলা করতে হচ্ছে। কারণ, এই সময়টি পর্যটন শিল্পের জন্যে একটি বিশেষ সময়। দেশের বাইরে থেকে অনেক প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। তাই পর্যটকবাহী গাড়িকে হরতালের আওতামুক্ত রাখার আহবান জানান। আয়োজকরা বলেন, অর্থনৈতিক উন্নয়নে গার্মেন্টস শিল্পের পরেই আসে পর্যটন শিল্প। অথচ সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে এই শিল্পের বিকাশ হচ্ছে না। পর্যটন শিল্পের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, আটাব’এর প্রেসিডেন্ট এস এম মনজুর মোরশেদ মাহবুব, টোয়াব’র প্রেসিডেন্ট তৌফিক উদ্দিন আহমেদ, টোয়াব’র ডিরেক্টর মো. ফয়জুল ইসলাম, ইস্টার্ন ব্যাংক লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন) ইরফান ইসলাম, রিজেন্ট এয়ার ওয়েজ-এর ম্যানেজিং ডিরেক্টর মি. মাসরুর হাবীব। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন টোয়াবের সদস্য সৈয়দ গোলাম কাদের। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে টোয়াব দীর্ঘ সময় ধরে এই মেলার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের ভাবমূর্তিকে বহির্বিশ্বে উজ্জ্বলতর করে চলেছে। তিনি বলেন, বিদেশের ট্যুর অপারেটর, যারা এই মেলায় অংশ নেবে তাদেরকে বাংলাদেশ পরিচিতি করার জন্যে একটি (এফএএম) ফ্যাম ট্যুর আয়োজন করা হবে। মেলায় প্রতিবছরের মতো এবারও পর্যটনের নানা উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়ে সেমিনার, গোলটেবিল বৈঠক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে। ট্যুরিজম মেলায় প্রধান সহযোগী হিসেবে অংশ নেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও এফবিসিসিআই।