ডেঙ্গু এক ভয়ংকর জ্বরের নাম। মশাবাহিত এই জ্বর হলে সারা শরীরে প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, চোখে ব্যথা হয়। এছাড়া পেটে ব্যথা, বমি বমি ভাব, এমনকি অনেক ক্ষেত্রে বমি পর্যন্ত হতে পারে। ডেঙ্গু সাধারণত: দু’ধরনের। ক্লাসিকেল ও হেমোরেজিক ডেঙ্গু। ডেঙ্গু হেমোরেজিক অত্যন্ত বিপজ্জনক। হেমোরেজিক ডেঙ্গু হলে শরীরের ডেঙ্গুর সাধারণ সব লক্ষণতো থাকবেই। পাশাপাশি ঠোঁট, মাঢ়ি এবং পায়ুপথে রক্ত নি:সরিত হতে পারে।
ডেঙ্গু সম্পর্কে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মেডিসিনের অধ্যাপক ডা: অনুপ কুমার শাহ এর অভিমত: ডেঙ্গু ও ভাইরাল ফেবার অনেক সময় রোগীরা নির্ধারণ করতে পারেন না। জ্বর, তীব্র শরীর ব্যথা, মাথার ব্যথা, পেটে ব্যথা থাকলে প্রাথমিকভাবে ডেঙ্গু ভাবা যেতে পারে। তবে এক্ষেত্রে ইউরিন রুটিন, রক্তের এসজিওটি, সিবিসি এবং ডেঙ্গি এনএস-১ এন্টিজেন পরীক্ষার মাধ্যমে অনেক ক্ষেত্রে ডেঙ্গু শনাক্ত করা যায়।
এছাড়া যাদের ডেঙ্গু হয়েছে তাদের শুধু প্যারাসিটামল ও পর্যাপ্ত ফ্লুইড সেবনের পরামর্শ দেয়া হয়। এক্ষেত্রে খাবার স্যালাইন, ডাবের পানি ও অন্যান্য তরল জাতীয় খাবার আহার করা যেতে পারে। এছাড়া ডেঙ্গু শনাক্ত হলে অবশ্যই কোন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নেয়া উচিত। কারণ ডেঙ্গু অনেক সময় বিপদের কারণ হতে পারে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
