নিম্নতম মজুরি প্রশ্নে পোশাক শ্রমিকদের আল্টিমেটাম

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২১:২৮
নিম্নতম মজুরি ৮ হাজার টাকার দাবি নিয়ে যুক্তিযুক্ত সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সমাবেশ থেকে নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে ধ্বংস করতে গার্মেন্ট মালিকরা ভাড়া করা সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের মারধর করছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলে দিচ্ছে। বে-আইনীভাবে চাকরিচ্যুত করছে। মালিকদের এই দমন নির্যাতনের ফলে শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম নিচ্ছে। ফলে শিল্পকে ভবিষ্যত্ অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছেন মালিকরা। তারা আরো বলেন, গার্মেন্ট মালিকরা মজুরি বৃদ্ধির নামে ৪৫০০ টাকা নিম্নতম মজুরি করার যে ঘোষণা দিয়েছেন তাতে শ্রমিকদের প্রকৃত মজুরি বৃদ্ধি না হয়ে বরং কমে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়াসহ জীবনের ব্যয়ভার বৃদ্ধির সাথে মালিকদের প্রস্তাবনা মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। নেতৃবৃন্দ শ্রমিকদের বাঁচিয়ে রেখে শিল্প রক্ষা ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের ওপর দমন-নির্যাতন বন্ধ করে নিম্নতম মজুরির দাবি মেনে নেয়ার আহবান জানান। সমাবেশে সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী রুহুল আমীন, জলি তালুকদার, দুলাল সাহা, ইকবাল হোসেন, কে এম মিন্টু, সানাউল্লাহ, এম এ শাহীন, মিল্টন, মহিউদ্দিন প্রমুখ।