গেমস ক্রীড়াবিদ প্রশিক্ষণের বাজেট পাঁচ কোটি টাকা

আপডেট : ০২ নভেম্বর ২০১৩, ২২:০২
আগামি বছর কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের জন্য প্রশিক্ষণ শুরু করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেন (বিওএ)। ১০ মাসের জন্য প্রশিক্ষণ পরিকল্পনা করেছে বিওএ’র ট্রেনিং কমিটি। আগামি ১৫ নভেম্বর থেকে ১৪ আগষ্ট ২০১৪ সাল পর্যন্ত প্রশিক্ষণের জন্য খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। যাচাই বাছাই করে প্রস্তাব অনুমোদনের জন্য আজ দুপুরে বিওএ’র জরুরি সভা ডাকা হয়েছে। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে কোনো দলীয় খেলা নেই। ব্যক্তিগত খেলাগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এর জন্য ১৩টি খেলা বাছাই করে ৬৩ ক্রীড়াবিদকে চূড়ান্ত করা হয়েছে। এরজন্য বিওএ’র ট্রেনিং কমিটি প্রায় কোটি টাকার একটা প্রস্তাবিত বাজেট তৈরি করেছে। ১০ মাস ক্রীড়াবিদরা একই ছাদের নিচে আবাসিক ক্যাম্প করবেন। থাকা, খাওয়া প্রশিক্ষণ চলবে সেখানেই। নিজের ইচ্ছেমতো চলাফেরা করা যাবে না। নিয়ম শৃংখলা মেনে চলতে হবে। বিওএ’র সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া পেশাগত কাজে ব্যস্ত থাকার পরও দেশের ক্রীড়াবিদদের উন্নতির বিষয়গুলো নিয়ে ভাবেন। সময় দেন। বিওএ’র কর্মকর্তাদের সাথে আলোচনা করে খুঁজে বের করেন কোন পথে গেলে ক্রীড়াবিদরা সাফল্য পেতে পারেন। দেশের ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতেই দীর্ঘমেয়াদী ক্যাম্প করার উদ্যোগ নিয়েছেন বিওএ সভাপতি। ক্রীড়াবিদরা যেন শৃংখলার মধ্যে থেকে সঠিক পরিচর্যা পেয়ে আন্তর্জাতিক আসরে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন, তার জন্য সব খেলোয়াড়কে একটা ছাতার নিচে রাখতে আগ্রহী তিনি। কারণ খাওয়া- দাওয়া, প্রশিক্ষণ এবং শৃংখলার সাথে আপোষ করতে রাজি না বিওএ সভাপতি। আশা করা হচ্ছে, বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজকের সভায়। অ্যাথলেটিকস, আরচ্যারি, শ্যুটিং, বক্সিং, তায়কোয়ানডো, গলফ, সাঁতার, ব্যাডমিন্টন, টেবিলটেনিস, উশু, কারাতে, সাইক্লিং, ভারোত্তলন রয়েছে প্রশিক্ষণ কার্যক্রমে। এই ১৩ খেলার মধ্যে একটু বেশি গুরুত্ব পাবে শ্যুটিং, বক্সিং, তায়কোয়ানডো, আরচ্যারি। কারণ, বিওএ মনে করছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই চারটি খেলায় স্বর্ণ জয়ের সম্ভাবনা বেশি। প্রয়োজনে বিদেশি কোচ আনা হতে পারে। কোন কোন খেলায় বিদেশি কোচ থাকবে। সেটা এখনই নিশ্চিত না। অগ্রাধিকার থাকবে। তবে শ্যুটিংয়ে বিদেশি কোচ আসছে সেটা নিশ্চিত করেছেন বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। তিনি বলেছেন, শ্যুটিং ফেডারেশন বিদেশি কোচ আনবে আমরা অর্থ দেবো সেটা নিশ্চিত। এই কর্মকর্তা বলছেন, কোরিয়ান কোচ আনার কথা বলেছে ফেডারেশন। যার নাম আমরা শুনেছি। তার বর্তমান অবস্থান কেমন তা আমাদের জানা নেই। তবে ফেডারেশনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যুগোপযোগী কোচ যেন আনা হয়।’ কোন ধরনের কোচ আনা হবে তা জানার জন্য গতকাল সন্ধ্যায় ফেডারেশন সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপুর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।