ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিএনপি মনোনয়ন প্রত্যাশী দুই নেতার কর্মী-সমর্থকরা গত শনিবার দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এক ফটো সাংবাদিকসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়। অনলাইন পত্রিকা সময়বিডি.কমের ফটো সাংবাদিক শরীফুল ইসলাম সংঘর্ষের ছবি তুলতে গিয়ে আহত হন। ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নান্দাইলের বিএনপি নেতা সাবেক এমপি খুররম খান চৌধুরী ও সৌদি প্রবাসী বিএনপি নেতা এ.কে.এম রফিকুল ইসলামের পক্ষে পৃথক দু’টি মিছিল মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ মামলা করেনি।
