মাত্রাতিরিক্ত আয়রনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একমাত্র সরকারি মত্স্য রেণুপোনা উত্পাদনকারী হ্যাচারিটি অচল হয়ে রয়েছে। কেবলমাত্র আয়রনমুক্ত পানির অভাবে কোটি টাকার এ প্রকল্পটি ২৭ বছর ধরে বন্ধ রয়েছে। এরফলে উপজেলার মাছের পোনা ব্যবসায়ীরা মারাত্মক অসুবিধার মধ্যে রয়েছে। উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা যায়, ১৯৮০ সালে প্রায় কোটি টাকা ব্যয়ে এডিবির আর্থিক সহায়তায় সরকারিভাবে ৭ একর জমির উপর উপজেলা মত্স্য রেণুপোনা উত্পাদন খামারটি নির্মাণ করা হয়। নির্মাণের ৪ বছর পর ১৯৮৬ সালে উপজেলা মত্স্য কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কারণে খামারটি বন্ধ হয়ে যায়। উপজেলার দেহাটি গ্রামের মত্স্যচাষী বিজয় কুমার হালদার জানান, উপজেলার একমাত্র রেণুপোনা উত্পাদনকারী খামারটি বন্ধ থাকার কারণে তাদেরকে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রেণুপোনা সংগ্রহ করতে হয়। এজন্য তাদেরকে অতিরিক্ত টাকা এবং সময় ব্যয় করতে হয়। এ ব্যাপারে উপজেলা মত্স্য অফিসার মো. ফরিদুর রেজা জানান, দীর্ঘদিন যাবত্ বন্ধ থাকা মত্স্য খামারটি রেণুপোনা উত্পাদনের জন্য চালু করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ২০০৮ সালে ২৫ লাখ টাকা ব্যয়ে খামারটি আধুনিকায়ন করা হয় এবং ২০০৯ সালে সাড়ে ৩১ লাখ টাকা ব্যয়ে খামারটির অবকাঠামোগত দিক উন্নয়ন করা হয়। গত ২ বছর থেকে খামারের দু’টি পুকুরে মা মাছ পালন করা হচ্ছে; কিন্তু শুধু আয়রনমুক্ত পানির অভাবে খামারটি রেণুপোনা উত্পাদনে যেতে পারছে না।
