বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত বিনা ধান-৭ চাষের আবাদ বৃদ্ধি পাচ্ছে। এ ধান চাষ করেও অতিরিক্ত অন্যান্য ফসল পেয়ে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। ময়মনসিংহের মাঠের চারদিকে যখন সবুজ ধানে ভরপুর, বিনা-৭ জাতের ধান তখন পেকে গেছে। এতে কৃষকগণ ভেজায় খুশি। অসময়ে আগাম ধান পেয়ে কৃষকরা বেশ লাভবান। শুক্রবার উপজেলার পরানগঞ্জে বিনা কর্তৃক মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণে কৃষকরা জানালেন তাদের সেইসব সুবিধার কথা। বিনা-৭ ধান চাষের ফলে বিনা ধান কেটে অতিরিক্ত ফসল, বিনা সরিষা কিংবা শাক-সবজি করে বাড়তি ফসল পায়। ফলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউট (বিনা)-এর ডিজি ড. এম এ সাত্তার ও কৃষি সম্প্রসারণ বিভাগের সদরের কৃষি অফিসার শামসুর রহমান জানান, এ ধানের সুবিধা হচ্ছে, আগাম ফলন হয়, দাম ভাল পাওয়া যায়, সময় মত শ্রমিক পাওয়া যায়, গবাদি-পশুর খাবার হয়, এ ধানের পর বিনা সরিষাসহ অনান্য ফসল করা যায়।
