বড় দৈর্ঘ্যের প্রযোজক-অভিনেতা মাহফুজ আহমেদ

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২৭
এর আগেও চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। তবে সেই চলচ্চিত্রে মাহফুজ ছিলেন স্রেফ অভিনেতা। এবারে মাহফুজের চলচ্চিত্রে ফেরার গল্পটা একেবারেই ভিন্ন। ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্র নিয়ে এবারে শুধু অভিনেতা হিসেবে নন, খোদ চলচ্চিত্র প্রযোজক হিসেবে এবারে আসছেন তার চলচ্চিত্র নিয়ে। এর আগে বেশ ক’বছর ধরেই নাটক নির্মাণ ও প্রযোজনার কাজে বেশ সফলভাবেই এগিয়েছেন। ‘তোমার দোয়ায় ভালো আছি মা’সহ বেশ কিছু নান্দনিক ও হূদয়স্পর্শী নাটক উপহার দিয়েছেন। তবে কি নাটক নির্মাণ ও প্রযোজনা করেছেন তিনি চলচ্চিত্র নির্মাণের ড্রেস রিহার্সেল হিসেবে! এ প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘না, নাটক আর চলচ্চিত্র নির্মাণ দুটিই একেবারেই ভিন্ন বিষয়। এটা অনেক বড় একটা প্রজেক্ট। তাই ছবির ঘোষণার পর থেকেই দারুণ টেনশনে আছি।’ তবে অভিনেতা মাহফুজ আহমেদ নিজের এই চলচ্চিত্রের জন্য একেবারে নতুন গেটআপে হাজির হচ্ছেন। ছবির গল্পের গাঁথুনি নিয়েও ভেবেছেন অনেকদিন। সহশিল্পী হিসেবে থাকছেন জয়া আহসান। আর নিজের প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র হিসেবে পরিচালক হিসেবে রেখেছেন অনিমেষ আইচকে। নির্মাণশৈলীতে অনিমেষের সুখ্যাতি রয়েছে অনেকদিনের। তবে চলচ্চিত্র নির্মাণে অনিমেষের প্রথম চলচ্চিত্র ‘না মানুষ’ শেষ করতে না পারার ‘অপয়া’ তকমাটা হয়তো তিনি এবারে ‘জিরো ডিগ্রি’র মাহফুজ আহমেদের চলচ্চিত্রে মুছবার সুযোগ পেলেন। ছোট পর্দার গুণী অভিনেতা মাহফুজ আহমেদ আর গুণী নির্মাতা অনিমেষ আইচের এই বড় দৈর্ঘ্যের কম্বিনেশন সফল হোক সেই প্রত্যাশা রইল।