বাদ্যবাজনা

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২৭
দেশীয় সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে পুরোনো পেশা ব্যান্ড পার্টির দিনকাল নিয়ে বিশিষ্ট নির্মাতা রেজানুর রহমান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বাদ্যবাজনা’। নাটকটির গল্পে দেখা যাবে, শোয়েব আলী একটি ব্যান্ড পার্টির মালিক। একসময় বিবাহ, বিজয় মিছিলসহ প্রায় প্রতিটি আনন্দ অনুষ্ঠানে ব্যান্ড পার্টির বেশ কদর ছিল। এখনও আনন্দ অনুষ্ঠানে ব্যান্ড পার্টিকেই ডাকা হয়। কিন্তু আগের মতো সেই কদর যেন আর পান না শোয়েব আলী। একমাত্র ছেলে পড়ালেখা করে বাবা-মাকে ছেড়ে চলে গেছে। শোয়েব আলীর স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ। স্ত্রীর চিকিত্সা করার অর্থ নেই শোয়েব আলীর। একদিন গভীর রাতে শোয়েবের মোবাইল ফোনে একটি কল আসে। কলটি ছিল উচ্চবিত্ত পরিবারের এক অসুখী গৃহিণীর। এই ফোনকে ঘিরে ঘটতে থাকে বিস্ময়কর নানা ঘটনা। সিনেমাস্কোপ ও সালওয়া প্রোডাকশন হাউজ থেকে নির্মিত নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু। আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল, সুকর্ন হাসান প্রমুখ। আগামী ৭ নভেম্বর রাত ৯টায় এসএ টিভিতে নাটকটি প্রচার হবে।