কচুয়া ও তালায় দুইজন খুন

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:২৮
চাঁদপুর কচুয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রী নিহত ও সাতক্ষীরার তালায় দুর্বৃত্তদের হাতে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কচুয়া (চাঁদপুর) কচুয়া উপজেলার নাউপুরা গ্রামে গত শনিবার সন্ধ্যায় স্বামীর নির্যাতনে দ্বিতীয় স্ত্রী সালমা আক্তার (৪০) নামে একজন নিহত হয়েছেন। জানা যায়, পারিবারিক কলহের জেরে ইব্রাহিম স্ত্রীকে মাথায় আঘাত ও ডান হাতের সব আঙ্গুল কেটে এবং বাম পায়ে কুপিয়ে জখম করে। আহত সালমাকে প্রথমে কচুয়া সদর হাসপাতালে ও পরে কুমিল্লা কুচাতলী হাসপাতালে নেয়া হয়। পরে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় কচুয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। তালা (সাতক্ষীরা) সাতক্ষীরার তালায় গত শনিবার রাতে শেখ মাহাবুর হোসেনের পুত্র ফারুক হোসেন (২৬) নামে এক মটর সাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) নিকুঞ্জ বিহারী কুন্ডু জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।