কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে কালিয়াকৈরের চন্দ্রায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। সহিংসতা এড়াতে অন্তত ৯টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, রবিবার থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইলস গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নিতে থাকে। এসময় তারা ৮ হাজার টাকা মজুরি করার দাবিতে বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ৪/৫টি যানবাহন ভাঙচুর করে। এসময় কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সৈয়দপুরে মেয়রকে হত্যার হুমকির প্রতিবাদে মিছিল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকারকে গুলি করে হত্যার প্রতিবাদে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল রবিবার এক মিছিল বের করে। মিছিলকারীরা অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পৌরসভা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সুজন শাহ, শাহজাহান আলী, নাদিম অন্যান্যরা।
সরিষাবাড়ীতে দুঃস্থদের মাঝে টাকা বিতরণ
জামালপুর প্রতিনিধি \ সরিষাবাড়ী উপজেলার যমুনার তীরবর্তী অঞ্চলের ক্ষতিগ্রস্ত দুঃস্থদের মাঝে ৫ লাখ ৯৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলার সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অতিদরিদ্র দুঃস্থদের মাঝে মোট ১১৯ জন সুবিধাভোগীর প্রত্যেকের মাঝে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ডাঃ মুরাদ হাসান। এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আবেদা গুলশানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপি ডা. মুরাদ হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, সমাজসেবা অফিসার লুত্ফর রহমান প্রমুখ।
শাহজাদপুরে ইসলামী ব্যাংকের ত্রাণসামগ্রী বিতরণ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে নদী ভাঙ্গনকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে ব্যাংকের স্থানীয় শাখা ম্যানেজার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির বগুড়া জোনের প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মওলা আজম, ওসি তদন্ত আব্দুল হাই, অধ্যক্ষ গোলাম সাকলাইন, ব্যাংকের বেলকুচি শাখা ম্যানেজার রফিকুল ইসলাম, উল্লাপাড়া ম্যানেজার আব্দুল হালিম ।
সিংড়ায় বিদ্যুত্ সংযোগ উদ্বোধন
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ দেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্য-প্রযুক্তি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকারের ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেয়ার অঙ্গীকারের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ গ্রামে ১.০৭ কি.মি. এলাকায় বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সিংড়া আসনের এমপি আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক গত শনিবার বিদ্যুত্ সংযোগের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড.ওহিদুর শেখ, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জাহেদুল ইসলাম ভোলা, মিনহাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুত্ফুল হাবিব রুবেল, প্রচার সম্পাদক সালাউদ্দিন ছানা প্রমুখ।
নোয়াখালীতে প্রতিবন্ধী শিশুদের কর্মশালা
নোয়াখালী প্রতিনিধি \ সমাজের মূলধারায় ‘প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ: বাধা ও উত্তরণ’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা গতকাল শনিবার নোয়াখালী বিআরডিবি ট্রেনিং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রজব আলী খানের সভাপতিত্বে জেলা প্রশাসক মোঃ সোহেল ইমাম খান প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের পরিচালক ডা. নাফিসুর রহমান, ফোরামের লুত্ফুরনেছা রুপসা, এনরাশের নির্বাহী প্রধান আবুল হাসেম প্রমুখ।
দেবিদ্বারে ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সভা
কুমিল্লা প্রতিনিধি \ জেলার দেবিদ্বার উপজেলাধীন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার ওই সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা এমপি। উপজেলার রাজামেহার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুসলিম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কবির আহম্মদ, মাওলানা সালেহ আহম্মদ, তাজুল ইসলাম, মাওলানা মো. হিফজুর রহমান, মাওলানা মো. জালালউদ্দিন, আবু সাঈদ প্রমুখ।
ময়মনসিংহে জেল হত্যা দিবস পালন
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহে জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ ও সৈয়দ নজরুল ইসলাম কলেজ পৃথক পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন। র্যালিতে জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা, উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আহবায়ক মজিবুর রহমান মিলকি, সদস্য সচিব এহতেশামুল আলমসহ শত শত ভক্তরা অংশগ্রহণ করে।
করিমগঞ্জে জেল হত্যা দিবস পালন
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত রবিবার করিমগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ দলের উদ্যোগে এক আলোচনা সভা ও মিছিলের আয়োজন করা হয়। ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসেম চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোঃ ইকবাল, এডঃ আবুল বাসার, আওয়ামী লীগ নেতা মোঃ রুস্তম আলী, আঃ করিম, মোঃ শাহজাহান, হুমায়োন কবির স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহাবুবুল বাসার ভূঞা শামিম, সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন, কৃষক লীগের আহবায়ক আঃ ওয়াহাব, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পল্টু প্রমুখ। সভা শেষে একটি মিছিল করিমগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে টিআর বিতরণ
পলাশ (নরসিংদী) সংবাদদাতা \ ঘোড়াশাল পৌরসভার মেয়র শরীফুল হক শরীফের সভাপতিত্বে গত শনিবার ঘোড়াশাল পৌরসভা কর্তৃক বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে টিআর-এর অনুদানের অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অনুদানের অর্থ বিতরণ করেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ অনুষ্ঠানে ৩১টি প্রতিষ্ঠানের সভাপতিদের হাতে ৬,৭০,৩৬০/- টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঈশ্বরদীতে যুবদলের আহ্বায়ক কমিটি
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ দীর্ঘ ১৭ বছর পর ঈশ্বরদী উপজেলা যুবদলের কমিটি ভেঙ্গে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুবনেতা সুলতান আলী বিশ্বাস টনিকে আহ্বায়ক ও এনামুল হোসেন আতিয়ারকে ১নং যুগ্ম-আহ্বায়ক করে গত শনিবার ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে পাবনা জেলা যুবদলের সভাপতি শেখ তুহিন ও সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু।
বাকৃবিতে ভেটেরিনারি কারিকুলাম কর্মশালা
বাকৃতি (ময়মনসিংহ) সংবাদদাতা \ ভেটেরিনারি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত শনিবার থেকে দুই দিনব্যাপী ভেটেরিনারি কারিকুলাম বিষয়ে একটি কর্মশালা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম-এর সভাপতিত্বে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক ও বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোজাহার আলী।
কাপাসিয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কাপাসিয়ায় এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কাপাসিয়া কালীগঞ্জ সার্কেলের এএসপি শাহরিয়ার আল মামুন জানান, গত শনিবার সেলসম্যান ফারুক (৩৫) উপজেলার তরগাঁও এলাকা থেকে ব্যবসায়ীদের নিকট থেকে বকেয়া টাকা তুলে গাজীপুর ফিরছিল। এসময় শীতলক্ষ্যা নদীর ফকির মজনু শাহ ব্রিজের ঢালুতে পৌঁছলে মোটর সাইকেলযোগে ৫ ছিনতাইকারী তার গতিরোধ করে তার সাথে থাকা ১ লাখ ৪৩ হাজার ৩ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের একজন রাসেল নৌকা দিয়ে পালানোর সময় থানার এসআই আজাদ তাকে গ্রেফতার করে। এব্যাপারে সেলসম্যান ফারুক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
লোহাগাড়ায় জাতীয় সমবায় দিবস পালন
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ সমবায়ে সামাজিক নিরাপত্তা এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমানের সভাপতিত্বে সমবায়ী সমাবেশ ও সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি:এর চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন সিকদার। আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার দিলীপ কুমার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবদুল্লাহ আল-বাকের, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
সালথায় মদন হাজীর ওফাত দিবস পালন
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুরের সালথা উপজেলার খালিসপুট্টি গ্রামে হযরত শাহ সূফী মদন হাজী (রা.) পাক দরবার শরীফে এ শাহ সূফী সিরাজুল হক (রা.) এর ওফাত দিবস পালিত হয়েছে। ওফাত দিবস উপলক্ষে দরবার শরীফে ৭ দিনব্যাপী দোয়া, যিকিরসহ বিভিন্ন ইসলামী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গত শনিবার রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওফাত দিবসের কার্যক্রম শেষ হয়। আখেরী মোনাজাতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এইস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবুল হোসেন।
শাহজাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সমাবেশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ শাহজাদপুর শাখায় সেবা মাস উপলক্ষে গতকাল রবিবার ব্যাংকটির শাখা ব্যবস্থাপক এবি এম আব্দুল বাতেনের সভাপতিত্বে এক গ্রাহক ও সুধীসমাবেশ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন ছাড়াও বক্তব্য রাখেন ব্যাংকের সেকেন্ড অফিসার মোঃ সাইফুল্লা খালেদ, বিশেষ অতিথি অধ্যাপক আব্দুর রশিদ, রবিন আকন্দ, নিত্যনন্দন রায় প্রমুখ । সেবা মাস উপলক্ষে পুরো নভেম্বর মাস ব্যাংকটি গ্রাহকদের স্বাভাবিক সেবার পাশাপাশি অতিরিক্ত সেবা প্রদান করবে।
নীলফামারীতে পুড়ে গেছে ১২ পরিবারের সম্পদ
নীলফামারী প্রতিনিধি \ গতকাল রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে জলঢাকা উপজেলার শিমুলবাড়ী লক্ষ্মীপাড়া গ্রামের ১২টি পরিবারের প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামবাসী জানায়, জনৈক সাইফুলের বাড়ী থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে নীলফামারী দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুকসুদপুরে দুর্গাপূজার বরাদ্দ আত্মসাতের অভিযোগ
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের ২টি ও ননীক্ষীর ইউনিয়নের ১টি সার্বজনীন দুর্গাপূজার নামে বরাদ্দকৃত সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে । জানা গেছে, উপজেলার জলিরপাড় নদীর পাড়ে সার্বজনীন দুর্গা মন্দির সভাপতি অশোক চক্রবর্তীর ছেলে রঞ্জন চক্রবর্তী বাবার অনুপস্থিতিতে অনুদানের টাকা উত্তোলন করে পূজা না করে পুরো টাকা আত্মসাত্ করে। অন্যদিকে জলিরপাড় হঠাত্ গ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিশ্বনাথ বাইন সরকারি অনুদানের টাকা আত্মসাত্ করার অভিযোগ উঠেছে। জানা যায়, উক্ত বিশ্বনাথ পূজা না করে প্রতিবছর সরকারি অনুদানের টাকা উত্তোলন করে থাকে। এ ছাড়াও ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মৃনাল কান্তি বাড়ৈ বরাদ্দকৃত টাকা সম্পূর্ণ আত্মসাত্ করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
পূর্বধলায় গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মানববন্ধন
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ বহাল রেখে গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ বাতিলের দাবিতে নেত্রকোনার পূর্বধলায় গত রবিবার সকালে পূর্বধলা এরিয়ার গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির এরিয়া সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কর্মচারী সমিতির এরিয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলাম তপন, এরিয়া ম্যানেজার শ্রীদাম চন্দ্র দাশ, প্রোগ্রাম অফিসার আজিজুল হক সরকার, শাখা ব্যবস্থাপক গোলাম মাসুদুল আলম প্রমুখ।
চৌদ্দগ্রামে জামায়াত নেতা গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রবিবার আবদুল করিম বাদল নামের এক ইউপি মেম্বার ও জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাতিসা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী। বাদল কালিকসার গ্রামের মৃত শেখ আহমদ প্রকাশ ছুট্টুর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বাঞ্ছারামপুরে সাংবাদিক আউয়াল সংবর্ধিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার এম এ আউয়ালকে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন যুব কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণসহ জাতীয় যুব দিবসে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় যুব দিবস ২০১৩ উদযাপনকালে সম্মাননা প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ ছাল্লালের সভাপতিত্বে জেলা প্রশাসক নূর মোহাম্মদ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করেন।
বাগেরহাটে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা
বাগেরহাট প্রতিনিধি \ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান বলেছেন, যে জাতি গুণীদের সম্মান করে না সে দেশে গুণীর জন্ম হয় না। গুণীদের সম্মান করে আমরা নিজেরাই সম্মানিত হই। তাঁদের হাতের আলোর মশালের আলো দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তিনি গত শনিবার বাগেরহাট ফাউন্ডেশনের উদ্যোগে ‘কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাগেরহাটের জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের সভাপতি মু: শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব ডা: মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা প্রমুখ।
ধামরাই প্রেসক্লাবে শপথ অনুষ্ঠান
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গত শনিবার বিকেলে ধামরাই প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার এডভোকেট আবুল কালাম মিজানুর রহমান। ধামরাই প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক (আয়ুব) এবং ধামরাই থানার ওসি আব্দুর রশিদ এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কোটালীপাড়ায় জেল হত্যা দিবস পালন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার উপজেলা ছাত্রলীগ তাদের পশ্চিমপাড়স্থ কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক বাবুল হাজরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মন্নু, কাউন্সিলর হুমায়ুন কবীর, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, এস এল আর কলেজের সাবেক ভিপি কাইয়ুম হোসেন, হায়দার হাজরা, মেহেদী হাসান মুন বক্তব্য রাখেন।
ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ তত্ত্বাবধায়ক সরকার, মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিনের নেতৃত্বে ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন গত শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্ব তমিজ উদ্দিন, পৌর মেয়র দেওয়ান নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সামসুল ইসলাম, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা, ভিপি হাবিব প্রমুখ।
ঝিকরগাছায় আড়াই হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা\ যশোর-বেনাপোল সড়কের কলাগাছি নামক স্থানে গত শনিবার সন্ধ্যায় ঢাকাগামী একটি কভার্ড ভ্যানে তল্লাশি করে ঝিকরগাছা থানা পুলিশ ২ হাজার ৩’শত ৯ বোতল ফেন্সিডিল ও কভার্ড ভ্যানটি উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজ একটি ঢাকাগামী কভার্ড ভ্যান ঢাকা মেট্রো ১১-১৪৫৬ থেকে উল্লেখিত ফেন্সিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য বিশেষ আইনে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
কুমিল্লায় ক্যান্সার সোসাইটির সেমিনার
কুমিল্লা প্রতিনিধি \ ক্যান্সার সোসাইটি কুমিল্লা শাখার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে ‘ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর পুলিশ লাইন উচ্চ্ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. তফাজ্জল হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি জেলা শাখার সভাপতি ডা. আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগীয় প্রধান ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সংগঠনের জেলা সেক্রেটারী মো. আব্দুল হালিম ও ট্রেজারার অ্যাড. আ.হ.ম তাইফুর আলম প্রমুখ।
