টিসিবির পিঁয়াজ বিক্রিতে ক্রেতাদের কিছুটা স্বস্তি

আপডেট : ০৩ নভেম্বর ২০১৩, ২০:৪৩
গত কিছুদিন ধরে পিঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে রীতিমতো ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। এ অবস্থায় সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্বল্প দামে পিঁয়াজ বিক্রিতে কিছুটা হলেও যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ক্রেতারা। গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের পাশে ও মতিঝিলসহ কয়েকটি বিক্রয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, রীতিমতো লাইন ধরে পিঁয়াজ কিনছেন ক্রেতারা। জাতীয় প্রেসক্লাবের পাশে লাইনে দাঁড়ানো ক্রেতা বেলায়েত জানান, খুচরা বাজারে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। সেখানে টিসিবি প্রতি কেজি পিঁয়াজ বিক্রি করছে ৬৫ টাকায়। তবে বাজারে দাম না কমা পর্যন্ত টিসিবিকে পিঁয়াজ বিক্রি চালিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, কোরবানির ঈদের পর পিঁয়াজের দাম আবার বাড়তে থাকলে গত ২ নভেম্বর থেকে আবার সারাদেশে খোলাবাজারে পিঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। তবে ঈদের আগে প্রতি কেজি পিঁয়াজ ৫৫ টাকায় বিক্রি করলেও বর্তমানে তা বাড়িয়ে ৬৫ টাকায় বিক্রি করা হয়েছে। রাজধানীর ২৫টি স্থানে এবং বিভাগীয় ও জেলা শহরে ১৭৪টি স্থানে খোলাবাজারে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে। এর আগে পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গত ৩০ অক্টোবর ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে নতুন করে পিঁয়াজের দাম আর বাড়বে না বলে ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেন।