ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে ‘আগাম ভোট’ দিয়ে ফেলেছেন সুর সম্রাজ্ঞী লতা মুঙ্গেশকর। আসন্ন লোকসভা নির্বাচনে মোদীকেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। লতার মতো বিশাল ব্যক্তিত্ব বিজেপিতে ভোট দিবেন শুনে খুশিতে আটখানা দলটি। বিজেপি মনে করছে, সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছ থেকে এমন জোর সমর্থন পাওয়াটা মোদীর কাছে নিঃসন্দেহে বড় বিষয়। মোদীর প্রশংসা করতে গিয়ে ৮৪ বছরের সংগীত শিল্পী লতা বলেন, ‘নরেন্দ্র মোদী আমার ভাইয়ের মতো। তিনি একজন যোগ্য রাজনীতিক। আমরা সবাই চাই তিনি প্রধানমন্ত্রী হোন। দীপাবলিতে মোদীর জন্য প্রার্থনা করছি। আমার এই ইচ্ছা যেন বাস্তবে রূপ পায়।’
এদিকে লতার সম্ভাষণে মোদী দারুণ আপ্লুত। লতাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওনার সুর মানুষের জীবনকে সুরে ভরিয়ে তুলেছে। ভালো-মন্দের ব্যবধান তার চেয়ে কে ভালো বুঝবে।’ যদিও মোদী প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে নাম লেখানোর পর থেকে প্রতিটি ইস্যুতে তাকে একহাত নিয়েছে শাসকদলের নেতারা; কিন্তু এবার আর নয়। যেহেতু মোদীর মাথায় আশীর্বাদের হাত রেখেছেন ভারতবর্ষের ‘লতা জী’, তাই কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী সাবধানি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘লতা মুঙ্গেশকর আমাদের জাতীয় আইকন। তিনি তার রাজনৈতিক মতামত দিতেই পারেন। আমরা সবাই তার গান পছন্দ করি এবং ভবিষ্যতেও করব।’
